ঢাকা

ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত


ফরিদপুরে ভোটকক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন বিচারিক আদালত।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তানজির ইসলাম দেওরা এলাকার হাফিজুর ইসলামের ছেলে। তিনি বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ‘ধানের শীষ’ প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩-এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন এ আদেশ দেন।

বিচারিক আদালতের সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে টাকা দিয়ে প্ররোচিত করার অভিযোগ ওঠে। নির্বাচনী আইন-২০২৫-এর ১৩(চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় নির্বাচনী আইন, ১৯৭২-এর ৯১(বি)(২) ধারা অনুযায়ী তাঁকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, প্রথমে জামায়াতের এক পোলিং এজেন্ট এই অভিযোগ করেন। পরে প্রশাসনকে জানালে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।




কমেন্ট বক্স