ঢাকা

রংপুরের ৬টি আসনে ৪০ হাজারের বেশি ভোট বাতিল, পুনর্গণনার দাবি জোরালো

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি আসনে মোট ৪০,২৭৯টি ভোট বাতিল হয়েছে। এই ছয় আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭ লাখ ২১ হাজার ৩২৮ জন ভোটার।

রংপুর-১ থেকে রংপুর-৬ পর্যন্ত সব আসনে বাতিল ভোটের সংখ্যা উল্লেখযোগ্য। রংপুর-৪, ৩ ও ৬ আসনে ভোট ব্যবধানের তুলনায় বাতিল ভোটের সংখ্যা বেশি হওয়ায় বিএনপির পরাজিত প্রার্থীরা পুনর্গণনার দাবি তুলেছেন।

রংপুর-৪ আসনে বিজয়ী এনসিপির প্রার্থী আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৯,৯৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০,৫৬৪ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৮,২৬৩।

রংপুর-৬ আসনে জামায়াত নেতা নূরুল ইসলাম দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছেন ১ লাখ ২০,১২৮ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭,৭০৩ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৫,৪৫২। স্থানীয় একটি কেন্দ্র থেকে ধানের শীষের সিল মারা ব্যালট উদ্ধার হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে।

বিএনপি নেতারা দাবি করেছেন, বাতিল ভোট ও ব্যবধান বিবেচনায় পুনর্গণনা হলে ফল ভিন্ন হতে পারে। তারা ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের ফল ঘোষণা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, বাতিল ভোট নির্বাচন প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং সব কেন্দ্রেই প্রশিক্ষিত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। আইন অনুযায়ী আবেদন করলে তা পর্যালোচনা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এত বড় সংখ্যক বাতিল ভোট ভবিষ্যতের নির্বাচনে সতর্কতা ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সামনে এনেছে।



কমেন্ট বক্স