ঢাকা

নতুন প্রধানমন্ত্রীকে বরণের জন্য প্রস্তুত সচিবালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করছেন। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই সচিবালয়ে দেখা গেছে বাড়তি প্রস্তুতি ও কর্মচাঞ্চল্য।

বুধবার ভোর থেকেই বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে ব্যস্ততা বাড়ে। অনেক কর্মকর্তা ও কর্মচারীকে ফুলের তোড়া হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও সকাল থেকে অবস্থান নেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ মঙ্গলবার বিকেলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে নামফলক লাগানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো নতুনভাবে সাজানো হয়েছে।

সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, নতুন প্রধানমন্ত্রী প্রথম কর্মদিবসে অফিসে আসছেন—এ নিয়ে তাদের মধ্যে উৎসাহ রয়েছে। এক কর্মকর্তা বলেন, নতুন নেতৃত্বের সঙ্গে কাজ শুরুর অপেক্ষায় আছেন তারা।

ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তাদের মন্ত্রী সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পরে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। পরে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

দুপুরে সচিবালয়ে মধ্যাহ্নভোজের পর বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক এবং বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।

প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণ করবেন। তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। দিন শেষে মন্ত্রিসভার সদস্যরা সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



কমেন্ট বক্স