ঢাকা

আশুলিয়ায় বেতন বকেয়া, ১৫ কারখানায় ছুটি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্সে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ওই কারখানাসহ আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।


স্থানীয় সূত্র জানায়, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নাসা বেসিক কমপ্লেক্সের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। পরে বেলা দেড়টার দিকে তারা সড়ক থেকে কারখানার ভেতরে প্রবেশ করে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা কারখানার ভেতরেই অবস্থান করছিলেন।


শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে কয়েক হাজার শ্রমিক সকালে সড়কে নেমে প্রতিবাদ জানান।


ওসি আব্দুল হান্নান জানান, শুরুতে শ্রমিকরা সড়ক অবরোধ করলেও বর্তমানে তারা কারখানার ভেতরে অবস্থান করছেন এবং পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।




কমেন্ট বক্স