ঢাকা

ভারতীয় সিনেমার পর্দায় শেখ হাসিনা! ট্রেলারে তুমুল হইচই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। প্রথম কিস্তিতে খাগড়াগড় বিস্ফোরণ কাহিনি তুলে ধরে আলোচিত হয়েছিল এই সিরিজ। সিক্যুয়েলে গল্প বিস্তৃত হয়ে ছুঁয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী লড়াইকে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। সীমা বিশ্বাস অভিনীত চরিত্র সুলতানা রহমানের সাজসজ্জা, চুলের ধরন ও চলাফেরায় দর্শকরা শেখ হাসিনার ছায়া খুঁজে পেয়েছেন। যদিও তার সংলাপের উচ্চারণ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

ট্রেলারে দেখা যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী সন্ত্রাসী মুনিরকে ধরার মিশনে নামেন। গল্প শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বাংলাদেশেও বিস্তৃত। সিনেমায় দেখানো হয়েছে, দুই দেশ একসঙ্গে সন্ত্রাস দমনে কাজ করছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমাটিতে আরও একটি উল্লেখযোগ্য চরিত্র হলেন প্রণব মুখোপাধ্যায়। ভিক্টর বন্দ্যোপাধ্যায় প্রয়াত ভারতীয় রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করেছেন। গল্পে তার বাংলাদেশ সফরের অংশও তুলে ধরা হয়েছে।

‘রক্তবীজ ২’ শুধু থ্রিলার নয়, বরং রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি বলেও দাবি নির্মাতাদের। এতে বিদেশফেরা ডাক্তার অঙ্কুশের চরিত্রের মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে—কেন একজন শিক্ষিত মানুষ সন্ত্রাসে জড়িয়ে পড়ে, নাকি তিনি ভিন্ন উদ্দেশ্যে এতে অংশ নেন?

সিনেমায় বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যও ধরা পড়েছে। ঘোষ বাড়ির রাধাগোবিন্দ মন্দির, ঐতিহ্যবাহী বড় দালান ও ঘাট বাঁধানো পুকুরের দৃশ্য গল্পকে করেছে আরও বাস্তবঘনিষ্ঠ।

এ ছাড়া অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার ও নুসরাত জাহান। প্রত্যেকে নিজস্ব চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন বলে প্রশংসা পাচ্ছেন।

ট্রেলার প্রকাশের পর দর্শকরা দুই ভাগে বিভক্ত—কেউ সিনেমায় শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখে প্রশংসা করছেন, আবার কেউ এর রাজনৈতিক বার্তা নিয়ে বিতর্ক তুলছেন। তবে একথা স্পষ্ট, মুক্তির আগেই সিনেমাটি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



কমেন্ট বক্স