ঢাকা

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন অনন্য কবি, প্রাবন্ধিক, গবেষক এবং রবীন্দ্রতত্ত্বচর্চার দিশারী। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ করেছেন।


ড. ইউনূস উল্লেখ করেন, রবীন্দ্রচর্চায় তার অবদান দুই বাংলাতেই সমানভাবে শ্রদ্ধার আসন পেয়েছে। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দিয়েছে, যা তার বিদগ্ধতার স্বীকৃতি।


তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন।


আহমদ রফিকের রূহের মাগফেরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, জাতি কৃতজ্ঞচিত্তে তাকে স্মরণ করবে।” এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


এদিকে, আহমদ রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এক শোকবার্তায় তিনি বলেন, “ভাষা আন্দোলনের একজন অগ্রগণ্য সংগ্রামী হিসেবে আহমদ রফিক মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় তার অবদান অনন্য।”


তিনি আরও বলেন, আহমদ রফিক আজীবন মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও প্রগতির পক্ষে কলম চালিয়েছেন এবং প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনও এক শোকবার্তায় আহমদ রফিকের রূহের মাগফেরাত কামনা করেন এবং পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “আহমদ রফিক ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আজীবন বাংলাভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করেছেন। তার অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”




কমেন্ট বক্স