ঢাকা

জাবিপ্রবির দুই ছাত্রদল নেতা আন্তর্জাতিক গবেষণা পুরস্কারে সম্মানিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সিয়াম আহমেদ এবং মো. ফারুখ হাসান আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন। তারা ১,০০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন। এছাড়া সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (KFUPM) থেকেও সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন তারা।

২০১৯-২০ সেশনের এই দুই শিক্ষার্থী যৌথভাবে প্রকাশ করেছেন ‘VGG-16-Based Deep Learning Architecture for Automated Chest X-Ray Diagnosis: Improving Clinical Accuracy and Reducing the Environmental Footprint’ শীর্ষক গবেষণা প্রবন্ধ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Journal of Undergraduate Research International তাদের প্রবন্ধকে বিশেষভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করেছে।

গবেষণার সাফল্য নিয়ে মো. সিয়াম আহমেদ বলেন, “আমাদের ছোট্ট বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা বাজেট বা পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও নিজেদের প্রচেষ্টা এবং বিশেষভাবে হাসান স্যারের দিকনির্দেশনায় এই সাফল্য সম্ভব হয়েছে। খবির স্যারের সহযোগিতার জন্যও আমরা কৃতজ্ঞ।”

অন্যদিকে মো. ফারুখ হাসান বলেন, “এই পুরস্কার প্রমাণ করে, সীমাবদ্ধতা থাকলেও নিষ্ঠা ও পরিশ্রম থাকলে সফলতা আসবেই। প্রতিটি ধাপে হাসান স্যারের দিকনির্দেশনা ছিল অমূল্য।”

তাদের গবেষণা তত্ত্বাবধায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, “আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান প্রতিষ্ঠা করতে পেরেছে, যা জাবিপ্রবির জন্য এক বড় সম্মান। আশা করি এটি আরও শিক্ষার্থীকে গবেষণায় উৎসাহিত করবে।”

এই সাফল্যে গর্বিত হয়ে জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক এক অভিনন্দন বার্তায় বলেন, “আমার প্রিয় দুই ছোট ভাই, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, যারা সিএসই বিভাগের সোনালী নক্ষত্র হিসেবে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এটি শুধু ছাত্রদলের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য অনুপ্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, “আমি এবং জাবিপ্রবি ছাত্রদল তাঁদের ধারাবাহিক সাফল্যের জন্য দোয়া করি এবং আশা করি এ অর্জন হবে আরও বহু সাফল্যের সূচনা।”



কমেন্ট বক্স