ঢাকা

দরিয়ানগরে ২ টন সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে বিদ্যানন্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কক্সবাজারের দরিয়ানগরে মেরিন দূষণ কমাতে দিনব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচী পালন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। অনুষ্ঠানে সমুদ্রপাড়ের ৬০০টি প্রান্তিক পরিবার তাদের জমা করা প্লাস্টিকের বিনিময়ে খাদ্যসামগ্রী পেয়েছেন। মোট ২ মেট্রিক টন প্লাস্টিকের বিনিময়ে প্রায় ১.৫ লক্ষ টাকার খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবকরা এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন ১৬ ধরনের নিত্যপণ্য দিয়ে একটি সুপারশপ সাজিয়েছেন। এখানে ১ কেজি প্লাস্টিক দিয়ে ৬টি ডিম, ১ কেজি চালের জন্য ১ কেজি প্লাস্টিক, ৫ কেজি প্লাস্টিক দিয়ে ১ লিটার তেল এবং ২ কেজি প্লাস্টিক দিয়ে ১ কেজি ডাল পাওয়া যাচ্ছিল।

স্থানীয় বাসিন্দা খাদিজা খাতুন জানান, “মাইকিং শুনে এক সপ্তাহ ধরে ১৫ কেজি প্লাস্টিক কুড়িয়ে আজ প্রায় ৯০০ টাকার বাজার করেছি। প্লাস্টিক ভাঙার দোকানে নিলে এত পাওয়া যেত না। এমন বাজার নিয়মিত হলে আমি আরও প্লাস্টিক জমিয়ে রাখব।”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুবারক বলেন, “প্রতি বছর কক্সবাজার ও সেন্টমারটিনে চার মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই চার মাসে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ১ লক্ষ কেজি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ ও ১০০% রিসাইকেল করার পরিকল্পনা আছে। ইতিমধ্যে ২৩,০০০ কেজি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে।”

প্রকল্প ব্যবস্থাপক রানা আহমেদ বলেন, “প্লাস্টিক দূষণ রোধ করতে মানুষের অভ্যাসগত পরিবর্তন জরুরি। তাই পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির জন্য আমরা বিভিন্ন নতুন আইডিয়া নিয়ে কাজ করছি। সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়ে সৈকতে ভাস্কর্য প্রদর্শনীর আয়োজনও করা হবে।”



কমেন্ট বক্স