ঢাকা

নাশকতার অভিযোগে কুড়িগ্রামে গ্রেপ্তার ৫১

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিশেষ অভিযানে গত ৭২ ঘণ্টায় ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের অভিযোগে এই অভিযান চালানো হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫১।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন নাগেশ্বরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য মো. লিটন মিয়া, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য মো. রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ভাঙ্গামোড় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ফুলবাড়ী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সুমন পোদ্দার (৩৭), রাজারহাট ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম (পিপিএম) বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার অভিযোগে তিন দিনে ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান নিয়মিতভাবে চলবে।



কমেন্ট বক্স