ঢাকা

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ঘর নির্মাণ উপলক্ষে আয়োজিত পারিবারিক দাওয়াতে তৈরি পিঠায় ভুল করে কালোজিরার বদলে দানাদার কীটনাশক মিশে যাওয়ায় এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে রমজাননগর এলাকায় এই পরিস্থিতি তৈরি হয়।

অসুস্থ ব্যক্তিরা হলেন—সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)। সবাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, রোগীদের পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বেশির ভাগই বর্তমানে স্থিতিশীল, তবে সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, দাওয়াতের জন্য বিকেলে পিঠা বানানোর সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মেশান পরিবারের সত্তরোর্ধ্ব জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই উপস্থিত সবার বমি, মাথা ঘোরা ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, রোগীদের আনার পরই দ্রুত চিকিৎসা শুরু করা হয়। লক্ষণ দেখে ধারণা করা যাচ্ছে, খাবারের সঙ্গে কীটনাশকজাতীয় পদার্থ মিশে গেছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শ্যামনগর থানার এসআই মোহাম্মদ বিপ্লব হোসেন জানান, এটি প্রাথমিকভাবে ভুলবশত ঘটেছে বলে মনে হচ্ছে।



কমেন্ট বক্স