ঢাকা

ডিসেম্বরে চালু হতে পারে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরেই ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে এটি বড় অগ্রগতি হতে পারে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের কনস্যুলেটের যৌথ সুপারিশে এখন তিন থেকে চার দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের যাতায়াত সহজ হবে।

হাইকমিশনার জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ সরবরাহ করতে পারে তাজা আনারস। টেক্সটাইল ও তৈরি পোশাকসহ বেশ কয়েকটি খাতেও দুই দেশের বাণিজ্যের বড় সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, বাড়তি চাহিদার কারণে দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং রুট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শিক্ষাখাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চলছে। পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বাংলাদেশে পাঠাবে, যাতে দুই দেশের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বাড়ে।

এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি জানান, পাকিস্তানের চাল রপ্তানি আরও বাড়তে পারে এবং পোশাকশিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা তাদের জন্য শেখার সুযোগ তৈরি করবে। প্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতেও যৌথভাবে কাজের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার। বক্তারা আশা করছেন, তা কয়েক বছরের মধ্যে তিন বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। সরাসরি ফ্লাইট চালু হলে এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে তারা মনে করেন।



কমেন্ট বক্স