ঢাকা

ছয় মাসে গুগলকে ২৭৯ অনুরোধ অন্তর্বর্তী সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

বিশ্বের প্রযুক্তি জায়ান্ট গুগল (অ্যালফাবেট) ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, এই সময়ে বাংলাদেশ থেকে কনটেন্ট অপসারণের জন্য মোট ২৭৯টি অনুরোধ পাঠানো হয়েছে। এর বড় অংশই ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর দাবি।

তবে অনুরোধের তুলনায় গুগলের সাড়া ছিল খুবই সীমিত। ছয় মাসে সরকার যেসব অনুরোধ পাঠিয়েছে, তাতে কনটেন্ট আইটেমের সংখ্যা ছিল ১ হাজার ২৩টি। বিপরীতে ২০২৪ সালের প্রথম ছয় মাসে আওয়ামী লীগ সরকারের সময়ে ৩৩৭টি অনুরোধে ৪ হাজার ৪৭০টি আইটেম অপসারণের দাবি করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট নিয়ে। এরপর নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি এবং মানহানির অভিযোগে ৩২টি অনুরোধ আসে। সরকারের সমালোচনামূলক সব অনুরোধই ছিল ইউটিউব কনটেন্ট সরানো নিয়ে। সবচেয়ে বেশি অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গুগল জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো অনুরোধের ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি। ১৬ দশমিক ১ শতাংশ অনুরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৯ শতাংশ কনটেন্ট আগেই সরানো ছিল। আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ এবং নীতি লঙ্ঘনের কারণে ৩ দশমিক ৭ শতাংশ কনটেন্ট সরানো হয়েছে। আর ৩ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।

ইউটিউব জানিয়েছে, তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করায় বাংলাদেশ থেকে ছয় মাসে ৬ লাখ ২১ হাজার ৬৫৫টি ভিডিও সরানো হয়েছে। ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে। এর ধারা ৮ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ব্লকের অনুরোধ করতে পারে বিটিআরসি। আগের আইনে এই ক্ষমতা থাকলেও বর্তমান সরকার স্বচ্ছতার জন্য ব্লক হওয়া সব কনটেন্টের তথ্য প্রকাশের বিধান যুক্ত করেছে।

ডিজিটালি রাইটসের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, নতুন অধ্যাদেশ অনুযায়ী কনটেন্ট ব্লকের তথ্য প্রকাশ করা হলে নাগরিকরা জানতে পারবে কোন ধরনের সমালোচনা সরানোর অনুরোধ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।



কমেন্ট বক্স