ঢাকা

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার অসুস্থতার খবর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। পরিবার ও বিএনপির নেতাকর্মীরা দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়ার আহ্বান জানিয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা শনিবার জানিয়েছে, খালেদা জিয়াকে ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন খবর দেয়, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়াকে ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে সাজা দেওয়া হয় এবং বিদেশে চিকিৎসার জন্য যাওয়ারও অনুমতি ছিল না। ক্ষমতাচ্যুতির পর গত বছর তাকে মুক্তি দেওয়া হয়েছিল। ড. মুহাম্মদ ইউনুসের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, “গণতন্ত্রের এই ক্রান্তিকালে, খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তার দ্রুত আরোগ্য দেশের জন্য গুরুত্বপূর্ণ।”

ভারতের এনডিটিভি জানিয়েছে, খালেদা জিয়া বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তার অবস্থার স্থিতিশীলতা রক্ষা পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গলফ নিউজ এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমস উল্লেখ করেছে, খালেদা জিয়া হৃদরোগ, লিভার ও কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যায় ভুগছেন। তার একটি স্থায়ী পেসমেকার রয়েছে এবং এর আগে হার্ট স্টেন্টিং করানো হয়েছে।

সর্বশেষ, দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে থাকা এই সংবাদ দেশবাসীর মধ্যে উদ্বেগ ও সমবেদনার ঢেউ সৃষ্টি করেছে।



কমেন্ট বক্স