ঢাকা

কামালকে প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই কোনো তথ্য

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সম্প্রতি ভারতীয় এক টেলিভিশনে তাকে কথা বলতে দেখা গেছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ভারত থেকে আসামিদের প্রত্যর্পণ শুরু হবে কামালকে দিয়েই।

তবে এসব তথ্যকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, কামালকে প্রত্যর্পণের বিষয়ে তাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, “কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। এ ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্যও পাওয়া যায়নি।”

এর আগে গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে প্রেসসচিব শফিকুল আলম লিখেছিলেন, হাসিনা সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধ, বিশেষ করে গণহত্যা ও গুমের ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে। তার দাবি, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা অর্থ ব্যয় করলেও জবাবদিহি এড়ানো সম্ভব হবে না। তিনি লেখেন, দোষীদের বিচারের প্রক্রিয়া কামালকে দিয়েই শুরু হবে।

১৮ নভেম্বর জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর তারা দুজনেই ভারতে অবস্থান করছেন বলে জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ ‘পলাতক’ আসামিদের ফেরত পাঠানোর জন্য দিল্লিতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে ভারত জানিয়েছে, ঢাকার পাঠানো অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স