ঢাকা

ভূমিকম্পের পর সেতুতে ফাটল, মানুষের মধ্যে আতঙ্ক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংযোগস্থল ধনাগোদা নদীর উপর নির্মিত মতলব সেতুর মাঝখানে ফাটল দেখা দিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর সেতুতে ফাটল দেখা দেয় বলে দাবি করছেন তারা।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগ জানিয়েছে, সেতু পরিদর্শনের জন্য প্রকৌশলী পাঠানো হয়েছে। পরিদর্শনের পর রিপোর্ট অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি প্রায় ১০ বছর আগে নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ও সেতুর মধ্যে বিভিন্ন স্থানে বড় গর্ত ও কংক্রিট ক্ষয় হয়েছে। ২১ নভেম্বরের ভূমিকম্পের পর সেতুর মাঝখানে ফাটল দেখা দিয়েছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুর সংযোগ সড়ক ও মাঝখানের ফাটল দ্রুত মেরামতের প্রয়োজন। শিক্ষার্থী ও রোগীবাহী গাড়িও ঝুঁকি নিয়ে চলাচল করছে।

মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এটি ফাটল নয়, সেতুর এক্সপানশন জয়েন্ট তাপমাত্রার কারণে ফাঁকা হয়েছে। দ্রুত সংস্কার ও সংযোগ সড়কের মেরামত করা হবে।

চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলী মুহ. আলিউল হোসেন জানান, ঘটনাস্থলে পাঠানো প্রকৌশলীরা পরিদর্শন শেষে রিপোর্ট দেবেন। তার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মতলব সেতুটি ২০১৫-১৬ অর্থবছরে ৯২ কোটি টাকায় নির্মিত হয়েছে। ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের ৭টি স্প্যান এবং দুই পাশে ১ দশমিক ৮৬ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক রয়েছে। জনসাধারণের চলাচলের জন্য এটি ২০১৮ সালে উন্মুক্ত করা হয়।



কমেন্ট বক্স