প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
‘এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?’

গুম হওয়া বাবার হাত ধরে স্কুলে যাওয়ার অপূর্ণ স্বপ্ন বর্ণনা করেছেন কিশোরী আদিবা ইসলাম হৃধি। তার বাবা পারভেজ হোসেনকে ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে তুলে নেওয়া হয়েছিল। তখন হৃধির বয়স মাত্র আড়াই বছর। এরপর থেকে তার বাবা কোথায়, তা এখনও জানা যায়নি।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় হৃধি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গুম… এই শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো হাহাকার, কষ্ট, কান্না। আমার ছোট থেকে একটাই স্বপ্ন ছিল, আমার বাবার হাত ধরে স্কুলে যাওয়ার। কিন্তু এখন পর্যন্ত এই স্বপ্ন পূরণ হয়নি।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “আমার ভাই কি বাবার মুখ দেখতে পারবে? এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে না? আমাদের বাবাদের কোথায়… আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল?”
গুম কমিশনের সমালোচনা করে হৃধি বলেন, “কমিশন বলে, ধরে নিন তারা গুম… তারা মৃত। এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই? দল করা কোনো অপরাধ নয়, সবাই দল করে। তাহলে এটা কেমন বিচার এই বাংলাদেশে?”
হৃধি তার আকুতি জানিয়ে বলেন, “বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবারা আসে না। আমাদের বাবাদের ফেরত দেওয়ার জন্য আমরা তারেক রহমান চাচ্চুর কাছে আশা রাখি। আমাদের বাবাদের খুঁজে বের করবেন এবং এই দেশের মাটিতে গুমের বিচার নিশ্চিত করবেন।”
সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ অন্যান্য নেতারা সভায় উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News