প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
শপথে নতুন যাত্রা শুরু জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত পরিষদের

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে (২০ জানুয়ারি) জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাবিবা মন্ডল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা। এছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দও উপস্থিত ছিলেন।
শপথ বাক্য পাঠ করান জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খাজা জহুরুল ইসলাম। এ সময় বিদায়ী নেতৃবৃন্দসহ জেলার বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের মধ্যে সভাপতির একটি পদে জামায়াত সমর্থিত প্রার্থী এবং বাকি ১০টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। নবনির্বাচিত পরিষদের নেতৃত্বে আইনজীবী সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News