প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
৬ হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (২৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করেন। অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটি ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। নিহতরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।
তদন্ত সংস্থা ২১ এপ্রিল ২০২৫ জটিল ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে। অভিযোগ আনুষ্ঠানিকভাবে ২৫ মে ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং একই দিনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
আট আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। বাকি চারজন পলাতক—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১১ আগস্ট থেকে, মোট ২৩ কার্যদিবসে ২৬ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়। যুক্তিতর্ক শেষে ২৪ ডিসেম্বর রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়, যা পরে ২০ জানুয়ারি থেকে পিছিয়ে আজ ঘোষিত হয়েছে।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্কে আটজনের সর্বোচ্চ শাস্তি ও খালাসের দাবিসহ মামলার বিস্তারিত উপস্থাপন করা হয়। আজকের রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News