ঢাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রতিবাদ মিছিল করবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক করেন।
দুপুর ১২টায় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে বৈঠক শুরু হয়। বৈঠকের পর হামিদুর রহমান আযাদ জানান, নির্বাচনের পর ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে এবং এর প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম থেকে মিছিল বের হবে।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কম ছিল। ভোট গণনার সময় ১১ দলের এজেন্টদের জোর করে বের করা হয়েছে। এছাড়া ভোট গণনায় ত্রুটি থাকায় ফলাফলের উপর প্রভাব পড়েছে। রেজাল্ট শিটে ঘষামাজা, কাটাছেঁড়া, ওভাররাইটিং এবং অনেক স্থানে অরিজিনাল এজেন্টের স্বাক্ষরও নেওয়া হয়নি। উদাহরণ হিসেবে ঢাকা-৬ আসনের রেজাল্ট শিট পেনসিলে লেখা হয়েছে।
