প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ

রংপুরের কাউনিয়া উপজেলার সদরা তালুক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ সাইদুর রহমান নামে এক ব্যক্তি।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১৭/০৩/২০০৮ ইং তারিখে ৭০৯ নম্বর খতিয়ানভুক্ত দাগের প্রায় ১৫ শতাংশ জমি তিনি দলিলমূলে ক্রয় করেন। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতিও নেন।
কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি তার জমির ওপর দিয়ে একটি অস্থায়ী রাস্তা নির্মাণ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, পাশ দিয়েই একটি সরকারি রেকর্ডভুক্ত রাস্তা থাকা সত্ত্বেও তার ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে পথ ব্যবহার করা হচ্ছে। বাড়ি নির্মাণকাজের স্বার্থে তিনি অস্থায়ী রাস্তা বন্ধ করলে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে।
এ ঘটনায় নিজেকে নিরাপত্তাহীন দাবি করে তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
অভিযোগপত্রের সঙ্গে জমির দলিলের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News