প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাতে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং এই সম্পর্কের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সবসময়ই শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে।
দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে কাজ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করা হয়। চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News