প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
ভারতে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত, নিহত ৭

ভারতের ঝাড়খণ্ডে মাঝ আকাশে নিয়ন্ত্রণ ও যোগাযোগ হারিয়ে একটি এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে বিচক্রাফট সি-৯০ মডেলের বিমানটি। প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৭টা ৩৪ মিনিটে এটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
পরে চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মধ্যবর্তী কোনো স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনাকবলিত বিমানটি পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড। বিমানে দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ ছাড়াও ছিলেন একজন গুরুতর দগ্ধ রোগী, তার দুই সহকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক।
৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত শুরু করতে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News