
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে দুই নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে। সাহরি খেয়ে ভোরে ঘুরতে আসার পর দুই যুবকের হাতে তারা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
গত বুধবার ২৫ ফেব্রুয়ারি ভোরে ঘটনাটি ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভিডিওতে দেখা যায়, দুই নারী দাঁড়িয়ে আছেন। তাঁদের একজনের দিকে লাঠি হাতে তেড়ে যান এক যুবক। কাছেই আরেক যুবককে অবস্থান করতে দেখা যায়। ভুক্তভোগী নারী কাঁদতে কাঁদতে বিচার দাবি করেন। তিনি জানান, পুরান ঢাকায় সাহরি খেয়ে তারা টিএসসিতে ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে তাঁদের হেনস্তা করা হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট যুবক তাঁদের ‘প্রস্টিটিউট’ বলে ইঙ্গিত করেন।
ওই নারীকে বলতে শোনা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ নই। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের মারধর করে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, লাঠি হাতে নারীর দিকে তেড়ে যাওয়া যুবক বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে থাকা অন্য যুবক থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ভিডিওটি দেখার পর ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।