প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার পদায়ন, সমালোচনার মুখে অব্যাহতি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার পদায়নকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমালোচনার প্রেক্ষিতে অবশেষে সংশ্লিষ্ট নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য সচিব সাদিক চক্রবর্তী এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার পরিচয়ের একজনকে পদায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি সংগঠনের নজরে এলে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মামুন খান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News