প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
গণভোটের রায় বাস্তবায়নে গণসংযোগে নামছে ১১ দলীয় ঐক্য

গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট সমাধানের দাবিতে গণসংযোগ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ১১-দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জোটভুক্ত দলগুলোর নেতাদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক ইয়াসির আরাফাত জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করবেন জোটের নেতাকর্মীরা।
এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম।
তিনি অভিযোগ করেন, বিএনপি গণরায়কে উপেক্ষা করছে এবং জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দেন তিনি।
জোটের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ৯ এপ্রিল থেকে সারাদেশে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ, ১০ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ-সমাবেশ এবং ১১ এপ্রিল ৬৪ জেলায় একযোগে বিক্ষোভ মিছিল। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবে জোটটি।
এর আগে ৭ এপ্রিল মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News