প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলের বিক্ষোভ, সরকারের প্রতি হুঁশিয়ারি

জয়পুরহাট প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে কর্মসূচি শুরু হয়।
পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি মাওলানা মো. গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, এস এম রাশেদুল ইসলাম সবুজ, হাসিবুল আলম লিটন, এবি পার্টির নেতা অধ্যক্ষ সামচ্ছুজামান, এনসিপি নেতা ওমর আলী বাবুসহ জোটের অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ পেলেও সরকার এখন সেই আন্দোলনের মূল চেতনাকে উপেক্ষা করছে। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে এর খেসারত সরকারকে দিতে হবে।” একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে চৌরঙ্গী মোড় থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News