প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুন মাসের মধ্যে দেশের নাগরিকদের জন্য হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়ন অব্যাহত রাখতে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ বৃদ্ধি, টিআর-কাবিখা এবং খাল খননসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু হবে। সরকারের উদ্যোগে ইতোমধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুহার কমেছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় নেতারা।
এর আগে নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News