জেলা প্রতিনিধি, সিলেট
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন পালবাড়ি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য খালাস করা হচ্ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিনজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়, তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন— সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তালেবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আব্দুল করিম (৩৭) এবং গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর গ্রামের শুকুর খানের ছেলে মো. মোমেন খান (২১)।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাক থেকে ১৩৪ বস্তায় রাখা ৪,১২০ কেজি ভারতীয় জিরা এবং ১৬ কার্টনে থাকা ৫,৭৬০ পিস ফেয়ারনেস ক্রিম উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য দেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ বিষয়ে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১৪ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের এবং জব্দকৃত আলামত ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।