প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
জ্বালানী সংকটে বন্ধ পটুয়াখালী-কুয়াকাটার বেশিরভাগ ফিলিং স্টেশন

বরিশাল ব্যুরো : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে হঠাৎ করে জ্বালানী সংকট দেখা দেওয়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ ফিলিং স্টেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। বিশেষ করে কুয়াকাটা পর্যটন এলাকায় যাতায়াতকারী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় একে একে বন্ধ হয়ে যায় সড়কের বেশিরভাগ ফিলিং স্টেশন। কোথাও কোথাও সীমিত আকারে জ্বালানী বিক্রি হলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের চালক মো. সোহেল জানান, “তেল না পেয়ে মাঝপথে আটকে পড়ার উপক্রম হয়েছে। যাত্রীদের নিয়ে খুব ঝুঁকির মধ্যে আছি। আগে থেকে এমন পরিস্থিতির কোনো তথ্য পাইনি।”
একই অভিযোগ করেন একাধিক মোটরসাইকেল চালকও। তারা বলেন, অনেক স্টেশন বন্ধ থাকায় কয়েক কিলোমিটার ঘুরে জ্বালানী সংগ্রহ করতে হচ্ছে।
ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানী সরবরাহ না পাওয়ায় তারা বাধ্য হয়ে স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টেশন ম্যানেজার বলেন, “সরবরাহ ঠিক না থাকলে বিক্রি করবো কীভাবে? প্রতিদিন গ্রাহকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।”
এদিকে, হঠাৎ এমন সংকটে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। পর্যটননির্ভর কুয়াকাটায় পর্যটক আসা কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত জ্বালানী সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে যাত্রী ও চালকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News