দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পুনরায় চালু করা হয়েছে চন্দ্রা রুটের বাস সার্ভিস।
জাবি প্রতিনিধি : বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান বলেন, “প্রায় দেড় থেকে দুই বছর ধরে চন্দ্রা রুটের বাস সার্ভিস বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা তুলে ধরে আমরা আজ এটি পুনরায় চালু করতে পেরেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি বাস্তবায়নে আমরা কাজ করে যাব।”
জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “বাস সংকটের কারণে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের যৌক্তিক প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চন্দ্রা রুটের বাসটি সপ্তাহে অন্তত দুদিন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চালুর বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।” খুব শিগগিরই যাত্রাবাড়ী–সাইনবোর্ড রুটেও নতুন বাস সার্ভিস চালু করা হবে, বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( প্রসাশন ) অধ্যাপক সোহেল আহমেদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের স্বার্থ রক্ষা করেই আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই। পরিবহন খাত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্যয়বহুল খাত। বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১২টি দ্বিতল ও ৫টি বড় বাস পরিচালিত হচ্ছে।”
নতুন রুটের জন্য অর্থ বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই বাস সার্ভিস শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। পরিবহন শাখাকে নিশ্চিত করতে হবে, শিক্ষার্থী ছাড়া অন্য কেউ যেন বাসে না ওঠে। পাশাপাশি সড়কে যাতায়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশেদুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মৃধা মো. শিবলী নোমান, জাকসুর জিএস মাজহারুল ইসলাম , এজিএস ফেরদৌস আল হাসানসহ আরও অনেকে।