প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
লামায় মাতামুহুরী নদী থেকে পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার বাসিন্দা মোঃ সাইফুল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে যৌথ ডুবুরি অভিযানে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে মিনঝিরি এলাকায় অবস্থিত ‘হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে বেড়াতে আসেন। দুপুরে রিসোর্টে চেক-ইন করার পর তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতাবশত সায়েম নদীর গভীর অংশে চলে গিয়ে পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে লামা ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
রিসোর্টটির ম্যানেজার মোঃ আরাফাত জানান, নদীর গভীর অংশে লাল পতাকা দিয়ে সতর্কতামূলক চিহ্ন দেওয়া ছিল এবং সেখানে নামতে নিষেধ করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News