প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি: বাবুল

শহিদুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপি রাজনীতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখে এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই দলের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি, আর বিএনপি সে লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে।
সভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News