প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
অবসর চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাউন্সিলের পর তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান।
তিনি বলেন, কাউন্সিলের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরেই তা অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ের সম্মেলন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
দলীয় সূত্র জানায়, প্রায় এক দশক আগে বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক ব্যস্ততার কারণে নতুন করে কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক নির্বাচন শেষে বিষয়টি আবার গুরুত্ব পেয়েছে এবং দলের স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। এরপর অবসর নিতে চাই। বয়স হয়েছে, অসুস্থও হয়ে যাচ্ছি।”
রাষ্ট্রপতি হওয়ার কোনো আগ্রহ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো আকাঙ্ক্ষা তার কখনোই ছিল না।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ সাল থেকে পাঁচ বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News