
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হয়েছে। সাক্ষাৎকার শেষ হওয়ার পর গভীর রাতেও রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ২টা ৫৫ মিনিটে প্রাপ্ত তথ্যে জানা গেছে, কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের কর্মকর্তারাও সেখানে ছিলেন।
দলীয় সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) বিকাল থেকে শুরু হওয়া সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। কার্যক্রম শেষ হওয়ার পর এখন দলীয় ও প্রশাসনিক নানা বিষয়ে কাজ চলছে।