
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও দুই পক্ষ এখনো চূড়ান্ত সমঝোতা থেকে অনেক দূরে অবস্থান করছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি নিরসনে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।
গালিবাফের ভাষায়, “আমরা এখনো চূড়ান্ত আলোচনার পর্যায়ে পৌঁছাইনি। অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু এখনও বড় ধরনের ফাঁক রয়েছে এবং কিছু মৌলিক বিষয় অমীমাংসিত।”
এদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কয়েক দিনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য আবারও পাকিস্তানে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাতে পারে।
এর আগে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তবে সেই আলোচনায় তাৎক্ষণিক কোনো অগ্রগতি বা চুক্তি হয়নি।