
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শীর্ষ নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপিতে যুক্ত হচ্ছেন।
এর মধ্যে রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারেন। অন্যদিকে হাসিব আল ইসলামকে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শাহাদাত হোসেন ও এস এম সুইটকে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ আরও কয়েকজন নেতা এনসিপিতে যোগ দিতে পারেন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হতে পারে।