
ইসলামী ব্যাংকসহ ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ।
কর্মসূচিতে অংশ নিয়ে গ্রাহকরা এস আলমের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত এবং ব্যাংক রেজুল্যুশনের বিতর্কিত ধারা বাতিলসহ পাঁচ দফা দাবি জানান। এ সময় ‘ব্যাংক দখলের পায়তারা বন্ধ’ ও ‘এস আলম নো মোর’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি নুরুন নবি মানিক বলেন, ব্যাংক খাতের লুটপাট বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলমসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, ব্যাংক রেজুল্যুশন আইনের ১৮/ক ধারা বাতিল, ব্যাংকে অবৈধ দখলদারদের প্রতিরোধ এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়া।
এ সময় তারা ১৫ দিনের কর্মসূচিও ঘোষণা করেন।
সব মিলিয়ে ব্যাংক খাত নিয়ে নতুন করে উত্তেজনা এবং চাপের মুখে পড়েছে সংশ্লিষ্ট মহল।