
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের শক্তিশালী করার জন্য দেশে এখন কোনো কার্যকর বিকল্প রাজনৈতিক শক্তি নেই। তাই একটি শক্তিশালী বিকল্প গড়ে তোলা সময়ের দাবি।
রোববার দুপুরে বাংলামোটরে দলটির কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জনগণের রায় ও গণভোটকে উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি সারা দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বেড়ে যাওয়ায় একটি বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন আরও স্পষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, দেশকে পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফেরানো যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দলীয়করণের দিকে যাচ্ছে। তার মতে, বর্তমান নির্বাচনের মাধ্যমে আগের ক্ষমতাসীন দলের জায়গায় নতুন করে আরেকটি দল ক্ষমতায় এসেছে, কিন্তু কাঠামোগত পরিবর্তন হয়নি।
নাহিদ ইসলাম বলেন, তারা দেশের ক্ষমতার কাঠামো পরিবর্তন করতে চান এবং সেই লক্ষ্যেই তরুণদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী রাজনৈতিক বিকল্প গড়ে তোলার কাজ চলছে।