প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান চানমিয়া গ্রেপ্তার: এলাকায় স্বস্তি

মাদারীপুরের কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চানমিয়া সিকদার। একাধিক হত্যা মামলার এই আসামিকে রোববার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কেন্দ্রীয় এক নেতার আত্মীয় পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা এই চেয়ারম্যানের গ্রেপ্তারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রোববার (১৯ এপ্রিল) ভোরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলোচিত ও বিতর্কিত ইউপি চেয়ারম্যান চানমিয়া সিকদার কে সিডি খান ইউনিয়নের নিজ বাড়িতে ডিবি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবির ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চানমিয়া সিকদারের বিরুদ্ধে বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের ভগ্নীপতি হওয়ার সুবাদে এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করতেন চানমিয়া। তার ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো বলে সাধারণ মানুষের দাবি।
ওসি মোহাম্মদ আবু নাঈম বলেন, "চানমিয়া সিকদারকে বর্তমানে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলো ছাড়াও নতুন কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।"
এদিকে, আলোচিত এই চেয়ারম্যান গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি ও সিডি খান এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। অনেককেই এলাকায় মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। ভুক্তভোগী পরিবারগুলো এখন দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি বজায় রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News