প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
জবাবদিহিতায় মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাত আব্দুল্লাহর

সংসদকে কার্যকর করতে মন্ত্রীদের মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে কার্টুন শেয়ারের ঘটনায় গ্রেপ্তার ও দমন-পীড়নের সমালোচনা করেন তিনি।
রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তারকা চিহ্নিত প্রশ্নগুলো শুধু টেবিলে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু মৌখিক উত্তর দেওয়া হচ্ছে না। এতে সম্পূরক প্রশ্ন করার সুযোগ থাকছে না এবং সংসদ সদস্যদের অধিকার খর্ব হচ্ছে।
তিনি অভিযোগ করেন, মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা বক্তব্যই শুধু পড়া হচ্ছে, ফলে মন্ত্রীদের সঙ্গে প্রকৃত জবাবদিহিতার সম্পর্ক তৈরি হচ্ছে না। সংসদ এক ধরনের একতরফা আলোচনায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় কার্টুন শেয়ারের কারণে এক ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক স্যাটায়ার বা ভিন্নমত দমনে আইন ব্যবহার করা উদ্বেগজনক। জামিনযোগ্য মামলায়ও গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ ধরনের বিষয়ে আলোচনা করতে হলে নিয়ম অনুযায়ী নোটিস দিতে হবে, তাহলে তা নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব।
পরে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর নির্ধারিত সময়ের কারণে প্রশ্নোত্তর পর্ব টেবিলে দেওয়া হচ্ছে। তবে সংসদ সদস্যরা চাইলে অধিবেশন দীর্ঘ করে মৌখিক প্রশ্নোত্তরের ব্যবস্থা করা যেতে পারে।
কার্টুন নিয়ে গ্রেপ্তারের বিষয়ে চিফ হুইপ বলেন, আমি বা আমার দল কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং কুরুচিপূর্ণ প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন থানায় জিডি করেছি। ফেক আইডি দিয়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে, তার বিচার হওয়া উচিত। তবে কেবল আমার কার্টুন আঁকার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি স্পিকারের মাধ্যমে অনুরোধ করছি।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তি যদি শুধু কার্টুন নয়, বরং সাইবার অপরাধ, মানবপাচার বা অর্থপাচারের মতো গুরুতর অপরাধে জড়িত থাকেন, তাহলে তাকে আইনের আওতায় আনা উচিত। এতে সরকারি দল এবং বিরোধীদল স্বার্থে এটা করা জরুরি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News