
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।
সোমবার (২০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ অংশীদার। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি এসব খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত এ প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্ব দেন। জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় নথি ও যাচাই-বাছাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম কাজ করছে। তবে পাসপোর্ট ইস্যুতে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
মন্ত্রী আরও বলেন, যাদের বৈধ নথি রয়েছে বা যারা শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তার সফরের সম্ভাবনা রয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।