প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।
সোমবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তালিকাটি প্রকাশ করেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তালিকায় মোট ১৩ জন নারীকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা ও জুলাই শহীদ পরিবারের একজন করে প্রতিনিধি রয়েছেন।
জামায়াতের মনোনীতদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও মারজিয়া মমতাজ।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ।
তবে আলোচনায় থাকা জামায়াত আমিরের স্ত্রী আমিনা শফিক এবং নায়েবে আমিরের স্ত্রী হাবিবা আখতার চৌধুরীর নাম শেষ পর্যন্ত তালিকায় রাখা হয়নি।
দলীয় সূত্র জানায়, এক পরিবার থেকে একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন নির্বাচনে জামায়াত একাধিকবার সংসদে প্রতিনিধিত্ব করলেও সংরক্ষিত নারী আসনে তাদের অংশগ্রহণ ছিল সীমিত ও সময়ভেদে পরিবর্তনশীল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News