প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
জুলাই শহীদ জাবিরের মাকে নারী আসনে মনোনয়ন দিল জামায়াত জোট

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। একক প্রার্থী হওয়ায় তার সংসদ সদস্য হওয়া প্রায় নিশ্চিত।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ ১৩ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেন।
জোট সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের ১৩টির মধ্যে জামায়াত ৮টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো জোট শরিকদের মধ্যে বণ্টন করা হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একটি করে আসন পেয়েছে। এছাড়া একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে নারী অধিকার আন্দোলনের নেত্রী প্রকৌশলী মারদিয়া মমতাজকে।
জামায়াতের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং শামছুন্নাহার নাহার।
এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপা থেকে তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম নিহত হয়। সে সময় মায়ের সঙ্গে মিছিলে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পরে মারা যায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News