প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
শিগগিরই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

বগুড়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় শিগগিরই সুখবর আসবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার দীর্ঘদিন মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার সীমিত করেছিল। গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সেই সরকারের পতন ঘটে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আগের সরকার মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি করেছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান, খাল খনন কর্মসূচি এবং স্বল্প ব্যয়ে বিদেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। খুব শিগগিরই জনগণ আরও ইতিবাচক পরিবর্তনের খবর পাবে।”
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল সরকারবিরোধী ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News