প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
জামায়াত নেতা হত্যা মামলায় শেরপুরে সংসদ সদস্যসহ ৪০ জনের জামিন

জামায়াত নেতার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এমপি মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন বিএনপি নেতা হাজির হলে তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে, শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দেন উচ্চ আদালত।
গত ২ ফেব্রুয়ারি (সোমবার) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। আদালত আসামিদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অথবা পরবর্তী ৬ সপ্তাহের জন্য এই জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে ওই ঘটনায় ৩১ জানুয়ারি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনকে স্বনামে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে নিহত জামায়াত নেতার স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News