প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
মুলতবি প্রস্তাব নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাহাস

জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে মুলতবি প্রস্তাবের নোটিশ ঘিরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে।
সোমবার অধিবেশনে ৬২ বিধির অধীনে দেওয়া মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা উঠলে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, একই বিষয়ে আগে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি রয়েছে। এ অবস্থায় অধিবেশন মুলতবি না করেও অন্য বিধিতে আলোচনা সম্ভব বলে মত দেন তিনি। পরে ৬৩ বিধিতে প্রস্তাব দুটি নাকচ করা হয়।
এতে আপত্তি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানি সংকট বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বিষয়টি এড়িয়ে গেলে সংসদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, “সংসদের ভেতরে বলা হচ্ছে সংকট নেই, কিন্তু বাইরে বাস্তবতা ভিন্ন—মানুষ ভুগছে।”
তিনি আরও বলেন, বিরোধী দল দোষারোপ নয়, বরং বাস্তব পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করতে চায়। এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা না হলে সংসদে থাকার যৌক্তিকতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আলোচনার যোগ্য হলেও মুলতবি প্রস্তাবের মাধ্যমে অধিবেশন স্থগিত করে আলোচনা করা প্রয়োজন নেই। তিনি বলেন, একই অধিবেশনে একাধিক মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলে ভবিষ্যতে তা একটি নজির হয়ে দাঁড়াবে।
তিনি বিকল্প হিসেবে ৭১ বিধিতে নোটিশ দিয়ে মন্ত্রীর বিবৃতি ও সম্পূরক প্রশ্নের সুযোগ অথবা ৬৮ বিধিতে সংক্ষিপ্ত আলোচনার প্রস্তাব দেন। তিনি দাবি করেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো ঘাটতি নেই এবং মূল্য সমন্বয় করা হয়েছে শৃঙ্খলা বজায় রাখার জন্য।
পরে বিরোধীদলীয় নেতা ৬৮ বিধিতে আলোচনার প্রস্তাব গ্রহণ করেন। তবে তিনি আলোচনার সময় বাড়ানো এবং সংসদ নেতার উপস্থিতিতে আলোচনা আয়োজনের দাবি জানান।
ডেপুটি স্পিকার জানান, অধিবেশন মুলতবি না করে বিকল্প বিধিতে দীর্ঘ সময় ধরে আলোচনা করা যেতে পারে। এতে উভয় পক্ষ সম্মত হলে পরদিন এ বিষয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
শেষ পর্যন্ত বিরোধীদলীয় নেতা মঙ্গলবার ৬৮ বিধিতে নোটিশ দেওয়ার কথা জানান এবং সংসদে অর্থবহ আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News