প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় স্কুলছাত্রী ও দুই গৃহবধূর আত্মহত্যা

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই দিনে তিনজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।
সোমবার (২০ এপ্রিল) পৃথক তিনটি ঘটনায় এসব মৃত্যু হয়। ঘটনার পর জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্যের আবহ।
মৃত ব্যক্তিরা হলেন-গঙ্গাচড়া সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার পল্লী বিদ্যুতের লাইনম্যান আনারুল কবিরের মেয়ে শামসেয়ারা কবির (১৩), লক্ষীটারী ইউনিয়নের সরকারটারি এলাকার মজনু মিয়ার স্ত্রী মাছুমা বেগম (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের ডিঙ্গাপাড়া এলাকার সামসুল হকের মেয়ে সুবর্ণা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসেয়ারা কবির গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তাঁর মৃত্যুকে ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।
অন্যদিকে, মাছুমা বেগম গত ১৩ এপ্রিল বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়।
এ ছাড়া সুবর্ণা বেগম বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজা আহম্মেদ সাজুসহ একাধিক ব্যক্তি জানান, শামসেয়ারা কবির সৎ মায়ের সঙ্গে বসবাস করতেন। তার মৃত্যু স্বাভাবিক নয় বলে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, একই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক। প্রতিটি ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News