
ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। মাঝারি মাত্রার ওই কম্পন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের ওয়াংজিং এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।
এর আগে ভোর ৬টা ৮ মিনিটে মিয়ানমারে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৪.৭ এবং গভীরতা ছিল ১০৭.৮ কিলোমিটার। কম্পনের কেন্দ্রস্থল ছিল মাওলেইকে।
কাছাকাছি অঞ্চলে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।