
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শনে গিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি হঠাৎ করেই সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। চলমান এসএসসি পরীক্ষা চলাকালে মন্ত্রীর এ আকস্মিক উপস্থিতিতে সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্য দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
পরিদর্শনের সময় তিনি একাধিক পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, পরীক্ষার পরিবেশ সন্তোষজনক, পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে এবং প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করছে।