প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসি যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বিকেল ৪টায় শেষ হয়।
তিনি আরও জানান, দাখিল করা মনোনয়নের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬টি এবং জামায়াত জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া স্বতন্ত্র মোর্চা থেকে একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতানা জেসমিন। আরও তিনজন প্রার্থী—শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান—কোনো দল বা জোটের বাইরে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসি জানিয়েছে, এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News